ঢাকা

বুড়িচংয়ে শিশু ধর্ষণ ও হত্যা: ৫ বছর পর আসামির মৃত্যুদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : মিরর নিউজ ছবি : মিরর নিউজ

​কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার দায়ে প্রধান আসামি ময়নাল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লার শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল হান্নান এই রায় ঘোষণা করেন।

​দণ্ডপ্রাপ্ত ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের খোরশেদ আলমের ছেলে। মামলার অপর আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার প্রক্রিয়া শিশু আদালতে চলমান রয়েছে।

​আদালত ও মামলার নথিসূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ মে ভুক্তভোগী শিশুটি তার বাবার মোবাইলে ফ্লেক্সিলোড করতে যাওয়ার পথে নিখোঁজ হয়। আসামি ময়নাল হোসেন তাকে অপহরণের পর ধর্ষণ করে এবং পরবর্তীতে শ্বাসরোধ করে হত্যা করে। প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মরদেহ পলিথিনে মুড়িয়ে স্থানীয় ‘ভারেল্লা শাহ ইসরাইল কামেল মাদ্রাসা’র শৌচাগারের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয়।

​ঘটনার পরদিন শিশুটির মা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২২ মে আসামিরা সুকৌশলে নিহতের চাচাকে মরদেহের অবস্থানের কথা জানালে জনমনে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় পুলিশ আসামিদের আটক করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়।

​রাষ্ট্রপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন: ​"আসামি ময়নাল হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আমরা এই রায়ে ন্যায়বিচার প্রতিফলিত হতে দেখেছি এবং এতে আমরা সন্তুষ্ট।"


​রায় ঘোষণার পর নিহত শিশুর মা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "আমি এই রায়ে সন্তুষ্ট। এখন আমার একমাত্র দাবি, এই রায় যেন দ্রুত কার্যকর করা হয় যাতে আমার মেয়ের আত্মা শান্তি পায়।"




কমেন্ট বক্স