ঢাকা

চীন সফরের আগে ইরান ইস্যুতে দ্বিধায় ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

আসন্ন চীন সফরকে ঘিরে ইরান পরিস্থিতি নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণে নানা দিক পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক পদক্ষেপ নাকি কূটনৈতিক সমাধান এই দুই বিকল্পের মধ্যে কোন পথে এগোনো হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি তিনি।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় চীন সফর একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইরানকে ঘিরে সম্ভাব্য পদক্ষেপ নির্ধারণে এই সফরটি অন্যতম বিবেচ্য বিষয় হিসেবে দেখা হচ্ছে।

এর আগে যুদ্ধ পরিস্থিতির কারণে সফরটি স্থগিত করা হলেও, আগামী ১৪ ও ১৫ মে নির্ধারিত এই সফর এখন অগ্রাধিকার তালিকায় রয়েছে। হোয়াইট হাউস চায় না, আর কোনো কারণে এটি পিছিয়ে যাক।

অন্যদিকে, নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলোতে চলমান পাল্টাপাল্টি অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, যা সফরের আগে নতুন করে চাপ সৃষ্টি করছে।

চীন ইতোমধ্যেই এই সংঘাত নিরসনে ‘গঠনমূলক ভূমিকা’ পালনের আগ্রহ প্রকাশ করেছে। তবে একই সময়ে ট্রাম্প প্রশাসন চীনের কয়েকটি তেল শোধনাগার ও শিপিং প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অভিযোগ রয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে এসব প্রতিষ্ঠান ইরানের সঙ্গে তেল বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, চীনসহ এ অঞ্চলের বহু দেশ তাদের আমদানিকৃত তেলের বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে নিয়ে থাকে। কিন্তু গত মার্চের শুরু থেকে এই গুরুত্বপূর্ণ পথ কার্যত বন্ধ থাকায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা



কমেন্ট বক্স