মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দুই প্রবাসী ভাইয়ের মধ্যে পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।
জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত প্রায় ৮টার দিকে ইতালির লেইজ শহরে এই ঘটনা ঘটে। অভিযুক্ত হুমায়ুন ফকির ধারালো অস্ত্র দিয়ে তার ছোট ভাই নয়ন ফকিরকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারা উভয়েই একই গ্রামের দেলু ফকিরের সন্তান।
ঘটনার পর হুমায়ুন ফকির ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে নয়নের মরদেহ দেখান এবং হত্যার বিষয়টি স্বীকার করেন বলে জানা গেছে। পরে ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে।
নিহতের এক বন্ধুর বরাতে জানা যায়, হুমায়ুন ফকির প্রায় ১২ বছর ধরে ইতালিতে অবস্থান করছেন। তিনি প্রথমে লিবিয়ায় গিয়ে পরে সেখান থেকে ইতালিতে পাড়ি জমান। পরবর্তীতে ২০২৩ সালে তার সহায়তায় ছোট ভাই নয়নও ইতালিতে যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, হুমায়ুনের দুটি বিয়ে ছিল এবং ঘটনার দিন তার প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার কথা ছিল। এ বিষয়টি নিয়ে ছোট ভাই নয়ন আপত্তি জানালে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চরমে ওঠে, যা শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে রূপ নেয়।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে ইতালিতে এক ভাইয়ের হাতে আরেক ভাই নিহত হয়েছেন বলে তারা অবগত হয়েছেন।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিউজ ডেস্ক