ঢাকা

বুথফেরত জরিপে বাজিমাত থালাপতি বিজয়ের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
২০২৪ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই প্রশ্ন ছিল—২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তার দল 'তামিলাগা ভেট্টরি কাজাগাম' (টিভিকে) কি জয়ী হতে পারবে? বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশিত বুথফেরত জরিপ সেই কৌতূহলের কিছুটা আভাস দিয়েছে। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ৪ মে। মোট ২৩৪টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন।

জরিপগুলো অনুযায়ী, বিজয়ের দলের সরাসরি ক্ষমতায় আসার সম্ভাবনা কম হলেও রাজ্যের প্রচলিত দ্বিমুখী রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে টিভিকে একটি 'নির্ণায়ক শক্তি' হিসেবে উঠে আসতে পারে। বিভিন্ন সংস্থার বুথফেরত জরিপে রাজ্যের রাজনৈতিক চিত্রে ভিন্নতা দেখা গেছে। 'পোল অব পোলস' বা সব জরিপের গড় অনুযায়ী টিভিকে ১৩ থেকে ১৯টি আসন পেতে পারে। কিছু জরিপে এই সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনাও দেখানো হয়েছে। এতে করে বিজয় শেষ পর্যন্ত 'কিংমেকার' বা সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

অন্যদিকে ডিএমকে নেতৃত্বাধীন 'সেক্যুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্স' ১৩৭ থেকে ১৫০টি আসন পেয়ে এগিয়ে থাকতে পারে বলে আভাস মিলেছে। তবে প্রধান বিরোধী দল এআইএডিএমকে নিয়েও পূর্বাভাসে পার্থক্য রয়েছে। টাইমস নাউ-জেভিসি এবং স্পিক মিডিয়ার মতে, পালানিস্বামীর দল ১২৪ থেকে ১৪৭টি আসন পেয়ে সরাসরি ক্ষমতায় ফিরতে পারে।

টিভিকে-র ভোট ব্যাংক ও প্রভাব

জরিপগুলোতে দেখা গেছে, বিজয়ের ব্যক্তিগত জনপ্রিয়তা বিশেষ করে তরুণ ভোটার ও শহরাঞ্চলের মানুষের মধ্যে প্রভাব ফেলেছে। বিশ্লেষকদের মতে, টিভিকে মূলত বিরোধী জোটের ভোট ব্যাংক, বিশেষ করে এআইএডিএমকে-র ভোটে ভাগ বসাচ্ছে। বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী টিভিকে-র সম্ভাব্য আসনসংখ্যায় ভিন্নতা রয়েছে। পিপল ইনসাইটের জরিপে ৩০-৪০টি আসন, রিপাবলিক-পি মার্কের হিসাবে ১৬-২৬টি আসন, এনডিটিভি-পিপলস পালসের হিসাবে ১৮-২৪টি আসন, এবং ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার জরিপে ৯৮-১২০টি আসন পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে থালাপতি বিজয়ের দল টিভিকে নিয়ে।

নতুন রাজনীতির সূচনা

দুর্নীতি বিরোধী বার্তা, সুশাসন এবং তরুণদের ক্ষমতায়নের প্রতিশ্রুতিকে কেন্দ্র করে বিজয়ের প্রচারণা তামিলনাড়ুর দীর্ঘদিনের রাজনৈতিক মেরুকরণকে চ্যালেঞ্জ জানাচ্ছে। যদিও আসনসংখ্যা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, বিশ্লেষকদের মতে তিনি রাজ্যের রাজনৈতিক আলোচনার ধরন বদলে দিয়েছেন। নির্বাচনের চূড়ান্ত ফলাফল যাই হোক, বিজয়ের রাজনৈতিক অভিষেক তামিলনাড়ুর রাজনীতিতে একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি শেষ পর্যন্ত ক্ষমতায় পৌঁছাতে পারবেন কি না, নাকি শক্তিশালী বিরোধী শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবেন—তা নির্ধারণ করবে চূড়ান্ত ফলাফল।



কমেন্ট বক্স