ঢাকা

পলাশবাড়ীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি রিফাত গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি রিফাত ইসলামকে (১৯) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ঘটনার ২৬ দিন পর র‍্যাবের একটি চৌকস দল তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১১:৫০ মিনিটে নারায়ণগঞ্জে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রিফাত ইসলাম পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামের আজাদুল ইসলামের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ৪ এপ্রিল সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামে ওই স্কুলছাত্রী পাশবিক নির্যাতনের শিকার হয়। অভিযুক্ত রিফাত ইসলাম মেয়েটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার পরদিন ৫ এপ্রিল ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে রিফাতকে প্রধান আসামি করে পলাশবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই রিফাত ও তার পরিবার বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যায়। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তারে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, আসামি নারায়ণগঞ্জে অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, আসামি রিফাতকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দীর্ঘদিন পর মামলার প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি নেমে এসেছে। ভুক্তভোগী ছাত্রীর বাবা সংবাদমাধ্যমকে জানান, "আমি আমার মেয়ের সাথে ঘটে যাওয়া এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক বিচার চাই। রিফাতের মতো অপরাধীর কঠোর শাস্তি হওয়া প্রয়োজন যাতে আর কেউ এমন কাজ করার সাহস না পায়।"

​পুলিশ জানায়, আসামিকে শুক্রবার যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে এবং ঘটনার অধিকতর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স