ঢাকা

স্বাধীনতার আগের জামায়াত আর এখনকার জামায়াত এক নয়: গোলাম পরওয়ার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
একাত্তরের মহান স্বাধীনতাযুদ্ধের সময়কার জামায়াতে ইসলামী আর বর্তমানের জামায়াত এক নয় বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার বেলা ১১টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, পাকিস্তান আমলের রাজনৈতিক প্রেক্ষাপট ও তৎকালীন দলগুলোর ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশে অনেক মৌলিক পরিবর্তন এসেছে।

তিনি জোর দিয়ে বলেন, "সেই সময়কার জামায়াতে ইসলামী আর এখনকার জামায়াত এক নয়। বহুবার জামায়াতের গঠনতন্ত্র, নীতি ও পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।" দলটির বর্তমান গঠনতন্ত্রের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, জামায়াতের সদস্য হতে হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি দেওয়া বাধ্যতামূলক। যারা এখনো এই পুরনো বিতর্ক জিইয়ে রাখতে চায়, তারা মূলত জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত বলে তিনি মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধের সংজ্ঞা প্রসঙ্গে জাতীয় সংসদে আমিরে জামায়াতের দেওয়া বক্তব্যের প্রতিধ্বনি করে গোলাম পরওয়ার বলেন, "ইতিহাস নিয়ে পড়ে থাকলে আমরা কখনো নতুন ইতিহাস তৈরি করতে পারব না।" তিনি উল্লেখ করেন, বর্তমান সংসদের অধিকাংশ সদস্যই তরুণ এবং স্বাধীনতার পর জন্ম নিয়েছেন। এমন প্রেক্ষাপটে ঢালাওভাবে কাউকে 'রাজাকার' বা 'স্বাধীনতাবিরোধী' আখ্যা দেওয়াকে জনগণ এখন উপহাসের চোখে দেখে। তিনি মনে করেন, ৫০-৬০ বছর আগের কোনো বিতর্ক নিয়ে পড়ে থেকে জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

সমাবেশে মূল বক্তব্যে ইসলামি শ্রমনীতির ওপর গুরুত্বারোপ করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, কমিউনিজম বা পশ্চিমা গণতন্ত্র—কোনোটিই শ্রমিকদের প্রকৃত অধিকার নিশ্চিত করতে পারেনি। তার মতে, শ্রমিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামি শাসনব্যবস্থা ও শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই। শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা মহানগর সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শ্রমিক নেতারা বক্তব্য দেন। তারা শ্রমিকদের অধিকার রক্ষায় ইসলামের বিধানকে একমাত্র সমাধান হিসেবে আখ্যায়িত করেন।



কমেন্ট বক্স