ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জানজানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় আকস্মিক বিস্ফোরণে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
আইআরজিসির আনসার আল মাহদি ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরিত বোমাটির ধরন এখনও নির্ধারণ করা যায়নি। নিহত সদস্যরা সবাই ইউনিটটির অভিজ্ঞ ও বিশেষজ্ঞ পর্যায়ের সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, যে এলাকায় বিস্ফোরণটি ঘটেছে সেখানে ক্লাস্টার বোমা এবং আকাশ থেকে নিক্ষিপ্ত মাইন থাকার সম্ভাবনা রয়েছে।
গত ২৮ এপ্রিল শুরু হওয়া ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ চলাকালে ওই অঞ্চলে মার্কিন বাহিনীর ফেলা কিছু বোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল বলে ধারণা করা হচ্ছে।
প্রায় ৪০ দিনের সংঘাত শেষে ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ইরানি সংবাদমাধ্যমগুলো জানজানের এ ঘটনাকে চলমান যুদ্ধবিরতির মধ্যে আইআরজিসির অন্যতম বড় ক্ষতি হিসেবে উল্লেখ করেছে।
যুদ্ধবিরতির পর থেকে দেশের বিভিন্ন স্থানে অবিস্ফোরিত বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করার কাজ চালিয়ে যাচ্ছে আইআরজিসি। সংস্থাটির তথ্য অনুযায়ী, তাদের বোমা নিষ্ক্রিয়কারী দল ইতোমধ্যে ১৫ হাজারের বেশি অবিস্ফোরিত বোমা নিরাপদে নিষ্ক্রিয় করেছে।
সূত্র: ইন্ডিয়া টুডে, গাল্ফ নিউজ
নিউজ ডেস্ক