লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হাব্বুশ এলাকায় চালানো এক বিমান হামলায় নারী ও শিশুসহ ছয়জন নিহত এবং আরও আটজন আহত হন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ লেবাননের আরও তিনটি গ্রামে পৃথক হামলায় চারজন নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে ইসরাইলি সামরিক বাহিনী নাবাতিয়েহ শহরের কাছে হাব্বুশ গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয়। তারা সতর্ক করে জানায়, হিজবুল্লাহর স্থাপনার আশপাশে অবস্থানকারীরা ঝুঁকির মধ্যে পড়তে পারেন।
এদিকে, শুক্রবার বিকেলের দিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, তারা ইসরাইলি সামরিক অবস্থান লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে।
হিজবুল্লাহর ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনীও। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর ইসরাইলের মারগালিওট এলাকায় একটি ড্রোন হামলায় আগুন লাগে। একই এলাকায় আরেকটি হামলায় দুই ইসরাইলি সেনা আহত হন।
উল্লেখ্য, ১৭ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
সূত্র: বার্তা সংস্থা এপি
নিউজ ডেস্ক