ঢাকা

জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: মিরর নিউজ ছবি: মিরর নিউজ
গাইবান্ধা জেলা প্রতিনিধি: জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে গাইবান্ধায় ১১ দলীয় জোটের উদ্যোগে ব্যাপক গণমিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকেল ৪টায় গাইবান্ধা শহরের পৌর পার্ক থেকে কর্মসূচি শুরু হয়।

কর্মসূচির শুরুতে পৌর পার্ক প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে একটি বৃহৎ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর আব্দুল করিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ডা. আব্দুর রহিম সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু এবং গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান। 

এছাড়াও এনসিপির গাইবান্ধা জেলা সদস্য সচিবসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও গাইবান্ধা পৌর মেয়র প্রার্থী ফয়সাল কবির রানা, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, গাইবান্ধা সদর উপজেলা আমীর আমির ফেরদৌস ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুর রহিম সরকার বলেন, দেশ বর্তমানে একটি সংকটময় সময় অতিক্রম করছে। জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকার দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধানের প্রয়োজনীয় সংস্কার এবং গণভোটের রায় কার্যকর করা এখন সময়ের অনিবার্য দাবি।

তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জনগণের মতামতের প্রতিফলন জরুরি। সরকার যদি জনগণের প্রত্যাশাকে সম্মান না করে, তবে গণআন্দোলনের মাধ্যমেই জনগণ তাদের ন্যায্য অধিকার আদায় করবে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সমগ্র কর্মসূচি সঞ্চালনা করেন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা জহরুল হক সরকার।



কমেন্ট বক্স