যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত বন্ধে নতুন করে সংশোধিত প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, এ প্রস্তাবে মোট ১৪টি শর্ত অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রস্তাবের কিছু শর্ত ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। এর মধ্যে অন্যতম হলো ইরানের পার্শ্ববর্তী দেশগুলোতে অবস্থানরত মার্কিন সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার।
ইরানের এই ১৪ দফা প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এ নিয়ে সংশয় প্রকাশ করে বলেছেন, প্রস্তাবটি থেকে ইতিবাচক কোনো ফল আসবে কি না, তা নিশ্চিত নয়।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। এতে লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে।
বার্তাসংস্থাটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। কিন্তু ইরান মনে করে, এসব ইস্যু ৩০ দিনের মধ্যেই সমাধান সম্ভব। দেশটি যুদ্ধবিরতির পরিবর্তে স্থায়ীভাবে সংঘাত বন্ধের ওপর জোর দিচ্ছে।
এর আগে যুক্তরাষ্ট্র ৯ দফার একটি প্রস্তাব দিয়েছিল। এর জবাবে ইরান ১৪ দফা প্রস্তাব দেয়। এতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভবিষ্যতে সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা এবং ইরানের আশপাশের দেশগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
এছাড়া ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালিতে নতুন ব্যবস্থা চালুর কথাও উল্লেখ রয়েছে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, “এই প্রস্তাবের লক্ষ্য যুদ্ধের অবসান। এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের তারা কূটনৈতিক পথে এগোবে, নাকি সংঘাত অব্যাহত রাখবে।”
নিউজ ডেস্ক