ঢাকা

চোখের আঘাত লুকাতে শিশুহত্যা, চিলমারীতে গ্রেপ্তার প্রতিবেশী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত


চোখে আঘাতের ঘটনা ধামাচাপা দিতে কুড়িগ্রামের চিলমারীতে দুই বছরের শিশু আয়শা খাতুনকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী কহিনুর বেগম কনিকার (২৬) বিরুদ্ধে। এই নৃশংস ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি তৈরি হয়েছে তীব্র ক্ষোভ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কনিকা স্বীকার করেছে—ঘটনার দিন সকালে তার আড়াই বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ কাফির সঙ্গে খেলছিল আয়শা। একপর্যায়ে খেলতে গিয়ে কাফির হাতে থাকা কলমের আঘাতে আয়শার চোখে গুরুতর আঘাত লাগে এবং রক্তক্ষরণ শুরু হয়। এতে আতঙ্কিত হয়ে পড়ে কনিকা।

পরিস্থিতি সামাল দিতে এবং দায় এড়াতে কনিকা আহত শিশুটিকে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে তার মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে মরদেহ গোপন করতে ঘরের একটি ড্রামের ভেতরে রাখা হয়, যাতে মৃত্যু নিশ্চিত হয়।

ঘটনাটি ঘটে গত ১৭ এপ্রিল উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা সাহপাড়া এলাকায়। এরপর রাতের আঁধারে বাড়ির পাশের একটি পতিত জমিতে শিশুটির মরদেহ ফেলে দেওয়া হয়।

রাত সাড়ে ১০টার দিকে আয়শার মরদেহ উদ্ধার হলে এলাকায় শোকের মাতম নেমে আসে। পরবর্তী তদন্তে পুলিশ এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে।

গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে কনিকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার স্বামী রাশেদুল ইসলাম আপেলকেও আটক করে পুলিশ।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কনিকা শিশু আয়শা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।




কমেন্ট বক্স