ঢাকা

গাইবান্ধার ধাপেরহাটে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে সাদুল্লাপুর সড়ক অবরোধ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট–সাদুল্লাপুর সড়কের আজগর আলী কলেজ মোড় সংলগ্ন গোবিন্দপুর তিনমাথা এলাকায় স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২ মে) সন্ধ্যায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে কর্মস্থল থেকে ফেরা মানুষ ও জরুরি কাজে বের হওয়া যাত্রীরা দীর্ঘ সময় সড়কে আটকে থাকেন।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। কিন্তু ঝুঁকিপূর্ণ এই স্থানে এখনো কোনো স্পিড ব্রেকার নির্মাণ করা হয়নি। ফলে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও শিক্ষার্থীদের।অবরোধে অংশ নেওয়া এলাকাবাসী জানান, সম্প্রতি একই স্থানে একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটার পর তাদের ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। এর আগে গত ২২ এপ্রিল সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় ৫ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনাও এলাকাবাসীকে নাড়া দেয়। ওই ঘটনার পরও তারা সড়ক অবরোধ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন।

এলাকাবাসীর দাবি, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্রুত স্পিড ব্রেকার নির্মাণের কার্যকর পদক্ষেপ নিলে তারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করবেন। অন্যথায় দাবি আদায়ে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তারা। একইসঙ্গে ৬নং ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপনকে ভুয়া বলে বক্তব্য প্রদান করেন তারা।

খবর পেয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে একপর্যায়ে অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে স্পিড ব্রেকার নির্মাণসহ স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো দুর্ঘটনা না ঘটে।



কমেন্ট বক্স