ঢাকা

র‍্যাবের হাতে বড়াইগ্রামের হত্যা মামলার আসামি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
নাটোরের বড়াইগ্রাম থানায় সংঘটিত ভেকু ব্যবসায়ী হত্যা মামলার মূল পরিকল্পনাকারী পলাতক আসামি মোঃ ইকবাল হোসেন রিপন (৪৮)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-০৫ ও র‍্যাব-১২)।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন ধরনের অপরাধ দমনে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ, মাদক, অবৈধ অস্ত্র ও ছিনতাইসহ আইন-শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে তারা।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-০৫ সিপিসি-২, নাটোর এবং র‍্যাব-১২ সিপিসি-২, পাবনার যৌথ আভিযানিক দল ২০২৬ সালের ২ মে রাত আনুমানিক ১১টা ৭ মিনিটে পাবনার আমিনপুর থানাধীন সৈয়দপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে নিজ বাড়ি থেকে বড়াইগ্রাম থানার ওই হত্যা মামলার মূল পরিকল্পনাকারী রিপনকে গ্রেফতার করা হয়। তিনি সৈয়দপুর মধ্যপাড়া এলাকার মৃত চেরাগ উদ্দিন শেখের ছেলে।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে বড়াইগ্রাম থানার মামলা নং-০৯, তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৫, পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও গ্রেফতারের মাধ্যমে মামলার তদন্তে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



কমেন্ট বক্স