ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার মহোৎসব বন্ধ করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটার সরঞ্জাম জব্দ করার পাশাপাশি প্রভাবশালী চক্রকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।
অভিযান চলাকালীন পরিস্থিতির ভয়াবহতা এবং প্রশাসনের অবস্থান স্পষ্ট করে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ রাফি বলেন,আমরা খবর পাচ্ছিলাম যে ধাইরা এলাকায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে কেবল কৃষি উৎপাদনই ব্যাহত হচ্ছে না, বরং পরিবেশগত ভারসাম্যও নষ্ট হচ্ছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যারা এসব জনস্বার্থ বিরোধী কাজ করছে, তাদের আমরা কোনো ছাড় দেব না। আজকের এই অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ এবং কৃষিজমি রক্ষায় আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধামরাইয়ের নান্নার ইউনিয়নের ধাইরা এলাকার এসএনবি ব্রিকসের পার্শ্ববর্তী এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে মাটি কেটে আসছিল। গভীর গর্ত করে মাটি তোলায় পাশের ফসলি জমিগুলোও ধসে পড়ার ঝুঁকিতে ছিল। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে সেখানে ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি শক্তিশালী ভেকু (এক্সকাভেটর) জব্দ করা হয়।
অভিযান শেষে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন বলেন,অবৈধভাবে মাটি কাটার ফলে এই অঞ্চলের কৃষকরা দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হচ্ছেন। জনস্বার্থে এবং আবাদি জমি রক্ষায় আমরা বদ্ধপরিকর। আইন অমান্য করে যারা মাটি কাটার সাথে জড়িত থাকবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ধরনের অভিযান উপজেলার প্রতিটি প্রান্তে অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপে স্থানীয় কৃষকদের মাঝে স্বস্তি ফিরেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত সরঞ্জামের বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিউজ ডেস্ক
