রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীর তীব্র ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান। মঙ্গলবার (৫ মে) দুপুরে তিনি চর আষাড়িয়াদহ ইউনিয়নসহ বিভিন্ন ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে তিনি নদী তীর সংরক্ষণে চলমান বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় দ্রুত স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রাজশাহীর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রাশেদুল ইসলামের সঙ্গে বৈঠক করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দ্রুত কাজ শুরুর বিষয়ে আলোচনা করেন।
এর আগে সকালে তিনি গোদাগাড়ী পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের পদ্মা তীরবর্তী ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। পরে সারাংপুর নদী এলাকার ভাঙন পরিস্থিতিও পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের সঙ্গে পরিদর্শন করেন।
এ সময় ড. ওবায়দুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া চর আষাড়িয়াদহ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল কাফিও উপস্থিত ছিলেন।
অন্যদিকে, চর আষাড়িয়াদহ ইউনিয়নে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগ না থাকায় স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এ সমস্যা সমাধানে এমপি মুজিবুর রহমান নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মশিউর রহমানের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করেছেন।
স্থানীয়দের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে একদিকে নদী ভাঙন রোধ হবে, অন্যদিকে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত হলে এলাকার মানুষের জীবনযাত্রার মানও উন্নত হবে।
নিউজ ডেস্ক
