আহসান,বরগুনা প্রতিনিধি
বরগুনা জেলায় সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ তরুণ-তরুণীদের কারিগরি শিক্ষায় সম্পৃক্ত করতে “কারিগরি দক্ষতা মেলা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বরগুনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) মিলনায়তনে এ মেলার আয়োজন করা হয়।
নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বরগুনার যৌথ উদ্যোগে এবং অ্যাকশনএইড বাংলাদেশ–এর সহযোগিতায় “অ্যাকশন ফর ট্রান্সফরমেশন (এফোরটি)” প্রকল্পের আওতায় “লোকাল লেভেল ট্যালেন্ট হান্ট টু ইমপ্রুভ অ্যাক্সেস অফ ভালনারেবল ইয়ুথ টু টিভেট” শীর্ষক এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, বর্তমান সময়ে দক্ষতা উন্নয়ন ছাড়া টেকসই কর্মসংস্থানের সুযোগ সীমিত। তাই যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে আরও বেশি তরুণ-তরুণীকে কারিগরি শিক্ষার আওতায় আনার আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান ও বরগুনা জেলা বিএনপির সিনিয়র নেতা এজেডএম সালেহ ফারুকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় সভাপতিত্ব করেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বরগুনার অধ্যক্ষ এস এম সুলতান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি এবং অন্যান্য সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের পরিচিতি ও স্বাগত বক্তব্য প্রদান করেন নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না। পরে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এনএসএস-এর প্রকল্প সমন্বয়কারী মো: মনিরুজ্জামান।
বক্তারা জানান, ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত যুবক-যুবতীদের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের (টিভেট) আওতায় এনে তাদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এ সময় অ্যাকশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর মো: রোকনুজ্জামান রোকন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রচলিত ভর্তি প্রক্রিয়ার বাইরে গিয়ে আয়োজিত দক্ষতা মেলার গুরুত্ব তুলে ধরেন। ট্যালেন্ট হান্টে অংশগ্রহণকারী যুবক-যুবতীদের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয় এবং টিটিসিতে ভর্তির সুযোগ-সুবিধা সম্পর্কেও অবহিত করা হয়।
এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, যুব সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন। পরে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।