ঢাকা

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামার আহ্বান প্রধানমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত


সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকারের পক্ষে সফলভাবে কাজ করা সম্ভব নয়।


শনিবার (৯ মে) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশের (কেআইবি) মিলনায়তনে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটি হলো জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা।”

তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলের নেতাকর্মীরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মাঠে ছিলেন এবং জনগণ বিএনপির ইশতেহারের পক্ষে রায় দিয়েছে।

নির্বাচনের পর ইশতেহারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এখন এটি শুধু দলের নয়, বরং জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। তাই দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

সুশাসন, নিরাপদ সমাজ এবং উন্নত শিক্ষা ব্যবস্থার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের মানুষ এমন একটি পরিবেশ চায় যেখানে শিক্ষার্থী, নারী-পুরুষ ও শিশুরা নিরাপদে চলাচল করতে পারবে।

তিনি আরও বলেন, “আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি একটি মুক্ত রাজনৈতিক পরিবেশের জন্য, যেখানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে।”

দলীয় ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকারের সাফল্য অনেকাংশে দলের নেতাকর্মীদের সহযোগিতার ওপর নির্ভর করবে।

এদিন সকাল পৌনে ১১টায় শুরু হওয়া এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্যরা ও কেন্দ্রীয় নেতারা সভায় অংশ নেন।

১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে এটি ছিল তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।




কমেন্ট বক্স