ঢাকা

ইরানি ট্যাংকারে হামলার জবাবে পাল্টা আঘাতের ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

ইরানের তেলবাহী ট্যাংকার কিংবা বাণিজ্যিক জাহাজে হামলা বা বাধা দেওয়া হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও শত্রুপক্ষের জাহাজে সরাসরি পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের জাহাজ লক্ষ্য করে যেকোনো সামরিক পদক্ষেপের জবাব তাৎক্ষণিক ও কঠোরভাবে দেওয়া হবে। ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় দুটি ইরানি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার একদিন পর এই হুঁশিয়ারি এলো।

ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়, ইরানের ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজে হামলা হলে অঞ্চলে অবস্থানরত মার্কিন ঘাঁটি এবং শত্রুপক্ষের জাহাজগুলোকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানো হবে।

যুদ্ধ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালিতে কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইরান। এতে পারস্য উপসাগরে শত শত জাহাজ আটকা পড়েছে। নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামে একটি নৌ অভিযান শুরুর ঘোষণা দিলেও সম্ভাব্য হামলার আশঙ্কায় তা পরে স্থগিত করা হয়।

ইরানের দাবি, গত ৭ মে হরমুজ প্রণালিতে প্রবেশের সময় যুক্তরাষ্ট্র দুটি ইরানি জাহাজে হামলা চালায়। একই সঙ্গে কেশম দ্বীপসহ উপকূলীয় কয়েকটি এলাকায়ও আঘাত হানা হয়। এর জবাবে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেহরান।

অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরান তাদের তিনটি ডেস্ট্রয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল। এর প্রতিক্রিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানা হয়েছে।

পরদিন যুক্তরাষ্ট্র জানায়, নৌ অবরোধ অমান্য করে ইরানি বন্দরের দিকে এগিয়ে যাওয়া দুটি খালি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে। ইরানের দাবি, ওই হামলায় একটি ট্যাংকারে আগুন ধরে যায় এবং এক নাবিক নিহত ও আরও ১০ জন আহত হন।

এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও তিনটি ড্রোন ভূপাতিত করেছে।

চলমান উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেন, কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হলেই যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ বাড়িয়ে দিচ্ছে।

তবে পরিস্থিতি উত্তপ্ত হলেও যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।



কমেন্ট বক্স