ঢাকা

ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত



যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুদ্ধবিরতি এখনো কার্যকর থাকলেও এর অবস্থা অত্যন্ত দুর্বল।

ট্রাম্প বলেন, ইরান সম্প্রতি যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে যে পাল্টা প্রস্তাব দিয়েছে, তা তার কাছে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’। তিনি এটিকে ‘আবর্জনা’ বলেও আখ্যা দেন।

এর জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ সতর্ক করে বলেছেন, যেকোনো আগ্রাসনের মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

ইরানের ১৪ দফা পাল্টা প্রস্তাবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে আর কোনো হামলা না করার নিশ্চয়তা চাওয়া হয়েছে। এছাড়া যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

ট্রাম্প অভিযোগ করেন, ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি থেকে সরে আসছে। তিনি আবারও জোর দিয়ে বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরানের প্রস্তাবকে ‘দায়িত্বশীল’ ও ‘উদার’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত ইরান।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে নেওয়া এবং পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হয়েছে বলে ধরা যাবে না।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রাথমিক প্রস্তাবে ইরানের পারমাণবিক কার্যক্রম স্থগিত, নিষেধাজ্ঞা শিথিল এবং হরমুজ প্রণালিতে অবাধ চলাচল নিশ্চিত করার বিষয় অন্তর্ভুক্ত ছিল।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পর যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দামও বেড়েছে।
চলমান এই সংকট বিশ্ব অর্থনীতি ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে।
সূত্র: বিবিসি



কমেন্ট বক্স