ঢাকা

লক্ষ্মীপুরে জমি নিয়ে মারামারি, ২ জনকে কারাগারে পাঠালো আদালত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
‎লক্ষ্মীপুরে পারিবারিক জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মারামারি ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। 
‎রোববার (১১ মে) লক্ষ্মীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট বিবাদী ফারজানা আক্তার শিল্পী ও  পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিনকে গ্রেফতারের নির্দেশ দেন। পরে আদালত প্রাঙ্গণ থেকেই তাদের আটক করা হয়।
‎ জানা যায়, কবরস্থানের একটি খুঁটি স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধের সৃষ্টি হয়। এর জেরে গত ৯ এপ্রিল উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। ঘটনার পর লক্ষ্মীপুর পৌরসভার মেয়র প্রার্থী আফতাব উদ্দিন ভূঁইয়ার বড় ভাই মাহতাব উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে রয়েছেন ফারজানা আক্তার শিল্পী, মো. জহির উদ্দিন, মনির হোসেন, আবু তাহের, ইসমাইল হোসেনসহ আরও কয়েকজন।
‎এ বিষয়ে আফতাব উদ্দিন ভূঁইয়া বলেন, “আমাদের পারিবারিক কবরস্থানের একটি খুঁটিকে কেন্দ্র করে প্রতিপক্ষ অতর্কিত হামলা চালায়। হামলায় আমার বড় ভাই মাহতাব উদ্দিন ভূঁইয়ার মাথায় রড দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। এছাড়া আমার মা হালিমা বেগমের পায়ে আঘাত করলে তার পায়ের দুটি হাড় ভেঙে যায় এবং আমার বোন আরজু আক্তারও আহত হন।
‎তিনি আরও বলেন, লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ নানান জায়গায় মা ও ভাইয়ের চিকিৎসার জন্য আমরা ব্যস্ত থাকার সুযোগে প্রতিপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ও মানববন্ধন করে হয়রানি করেছে। পরবর্তীতে আমরা আদালতে মামলা করলে আদালত সেটি আমলে নেয় এবং আজ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আমি আদালতের কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
‎এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন সুমন বলেন, “মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এর আগে দুইজন আসামি জামিনে ছিলেন। আজ ফারজানা আক্তার শিল্পী ও মো. জহির উদ্দিন আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
‎অন্যদিকে বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাসিব বলেন, “আজ আদালতে আসামিদের পক্ষে জামিন আবেদন করা হয়েছিল। তবে বিজ্ঞ আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।



কমেন্ট বক্স