ঢাকা

বাকি টাকা চাওয়ায় দোকানে হামলা-গুলি, আহত ৫

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বকেয়া টাকা চাওয়া এবং বাকিতে মালামাল দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে একটি দোকানে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজী কাছম আলী ফকির সুপার মার্কেটের ‘নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফেক্সিকেটর’ নামের দোকানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মার্কেট মালিক হাজী কাছম আলী ফকিরের ছেলে কামাল ফকির, তার ভাগিনা সিয়াম, দোকানের ব্যবস্থাপক শাহিন এবং কর্মচারী শান্ত ও শ্যামল। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র ও দোকান মালিক ফয়সাল আহমেদের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত রানা ভান্ডারি দীর্ঘদিন ধরে দোকান থেকে বিভিন্ন ধরনের থাই ও গ্লাস সামগ্রী কিনে আসছিলেন। তার কাছে আগের কিছু পাওনা টাকা বকেয়া ছিল। গত ৯ মে তিনি ৭২ হাজার টাকার মালামাল ক্রয় করেন এবং আংশিক টাকা পরিশোধ করেন। বাকি ৪২ হাজার টাকা মঙ্গলবার দেওয়ার কথা ছিল।

মঙ্গলবার বিকেলে রানা ভান্ডারি মালামাল নিতে এলে দোকান কর্তৃপক্ষ বকেয়া টাকা পরিশোধের কথা জানায়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দোকানের কর্মচারী শ্যামলকে মারধরের অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তবে রাত ৯টার দিকে রানা ভান্ডারি ও তার ভাই মামুনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল দোকানে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। বাধা দিতে গেলে কয়েকজন আহত হন।

এ সময় দোকান মালিক ফয়সাল আহমেদকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। তবে কোনো গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স