ঢাকা

যুদ্ধ শেষ করতে চীনের প্রয়োজন নেই: ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলমান ইরান-সংঘাতের অবসান ঘটাতে চীনের কোনো মধ্যস্থতা বা সহযোগিতার প্রয়োজন নেই ওয়াশিংটনের। তার মতে, যুক্তরাষ্ট্র একাই এই সংকট মোকাবিলা ও সমাধান করতে সক্ষম।

মঙ্গলবার (১২ মে) বেইজিংয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ‘শান্তিপূর্ণভাবে অথবা প্রয়োজনে অন্য উপায়ে’ লক্ষ্য অর্জন করবে।

প্রতিবেদনে বলা হয়, গত এক মাস ধরে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে একটি নড়বড়ে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও স্থায়ী সমাধানের ক্ষেত্রে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো দেশই টোল আরোপ করতে পারবে না এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন পূর্বে একমত হয়েছিল। তবে এই জলপথ নিয়ে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, চীন ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং তাদের প্রধান তেল ক্রেতা হওয়ায় এই কূটনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হয়, যা বর্তমানে সংঘাতের কারণে ঝুঁকিতে রয়েছে।

আগামী বৃহস্পতিবার ও শুক্রবার বেইজিংয়ে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে ট্রাম্পের এমন মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।



কমেন্ট বক্স