ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে কালি সরবরাহ সংকট দেখা দেওয়ায় জাপানের জনপ্রিয় স্ন্যাকস প্রস্তুতকারী প্রতিষ্ঠান কালবি ইনকর্পোরেটেড তাদের কিছু পণ্যের প্যাকেজিং সাময়িকভাবে সাদা-কালো করার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (১৩ মে) দ্য টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এক বিবৃতিতে কালবি ইনকর্পোরেটেড জানায়, পণ্যের স্থিতিশীল সরবরাহ বজায় রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ২৫ মে থেকে কোম্পানিটির ১৪টি পণ্যের প্যাকেজিংয়ে রঙের ব্যবহার সীমিত করে মাত্র দুটি রঙ ব্যবহার করা হবে। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়।
এদিকে, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত কালবি ইনকর্পোরেটেড বর্তমানে ৫ হাজারের বেশি কর্মী নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। তবে এই পরিবর্তন কতদিন চলবে সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি কোম্পানিটি।
নিউজ ডেস্ক