ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করে আলোচনায় এসেছিলেন ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী মান্দানা করিমি। এবার তিনি জানালেন, দীর্ঘ ১৬ বছর থাকার পর এবার ভারত ছাড়ছেন তিনি।
গত মার্চে খামেনির মৃত্যু নিয়ে নিজের অবস্থান প্রকাশ করেছিলেন মান্দানা। ইরানে দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ ছিলেন তিনি। এমনকি নিজের দেশেও ফিরতে পারতেন না। পরে ভারতে এসে বলিউডে কাজ শুরু করেন এবং ধীরে ধীরে পরিচিতি পান।
‘কেয়া কুল হ্যায় হম’, ‘ভাগ জনি’ ও ‘রয়’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস-এ অংশ নিয়েও দর্শকের নজর কাড়েন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ভারত ছাড়ার সিদ্ধান্তের কথা জানান মান্দানা। এক ভক্ত তাকে প্রশ্ন করেন, মুম্বাই শহরকে তিনি মিস করবেন কি না।
জবাবে অভিনেত্রী বলেন, ‘নিজে দুঃস্বপ্নেও কখনো ভাবতে পারেননি এই শহর এই দেশ তাঁকে ছাড়তে হবে।’
মাত্র ১৮ বছর বয়সে ইরান ছেড়ে ভারতে এসেছিলেন মান্দানা। প্রায় এক দশক আগে তার নিজের দেশে প্রবেশও বন্ধ হয়ে যায়। এরপর আর ইরানে ফিরতে পারেননি তিনি। যদিও বর্তমানে ইরানে নতুন সরকার গঠিত হয়েছে, তবুও সেখানে ফেরার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
মান্দানা বলেন, ‘আমি ভারত ছাড়ছি। কিন্তু আমি ইরানে ফিরছি না। আমি ভারতের উপর ক্ষুব্ধ। কারণ, গত কয়েক মাস ধরে আমি ভারতে কোনও সমর্থন পাইনি। আর হঠাৎ করে, যখন খামেনি মারা গেলেন তখন দেখলাম ইসরায়েল এবং আমেরিকার নাম নিয়ে ভারতে সকলেই নিজের মত প্রকাশ করেছে। কেউ কেউ তো রাস্তায় নেমে খামেনির জন্য শোক পালন করছে, যা আমি পারিনি, এবং এখনও পারব না।’
তবে কোন দেশে গিয়ে নতুন জীবন শুরু করবেন, তা স্পষ্ট করেননি মান্দানা। যদিও অনেকের ধারণা, তিনি হয়তো ইংল্যান্ডে নতুনভাবে জীবন শুরু করতে পারেন।
নিউজ ডেস্ক