ঢাকা

ছাগলের ঘরে হানা, বড়াইগ্রামে মেছোবিড়াল পিটিয়ে হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত
নাটোরের বড়াইগ্রামে ছাগলের ঘরে ঢোকার ঘটনায় একটি মেছোবিড়াল (স্থানীয়দের ভাষায় মেছোবাঘ) পিটিয়ে হত্যা করেছেন গ্রামবাসী। মঙ্গলবার ভোরে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর প্রায় ৪টার দিকে প্রাণীটি কৃষক মবিদুল ইসলামের ছাগলের ঘরে ঢুকে পড়ে। একপর্যায়ে ঘরের ভেতরে মশারির মধ্যে থাকা ছাগলের ওপর হামলা চালায়। ছাগলের চিৎকার শুনে পরিবারের সদস্যরা বেরিয়ে আসেন এবং প্রতিবেশীদের সহায়তায় প্রাণীটিকে মশারির ভেতরেই আটক করেন। পরে সকালে গ্রামবাসী সেটিকে পিটিয়ে হত্যা করে।

এ বিষয়ে বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান জমশেদ আলী বলেন, প্রাণীটির প্রকৃত নাম মেছোবিড়াল। এটি সাধারণত মানুষকে আক্রমণ করে না, বরং মানুষ দেখলে পালিয়ে যায়। জলাভূমি এলাকায় বসবাসকারী এ প্রাণী মাছ, ব্যাঙ, কাঁকড়া ও ইঁদুর খেয়ে পরিবেশ ও কৃষকের উপকার করে। বন ও জলাভূমি ধ্বংস এবং নির্বিচারে হত্যার কারণে এ প্রাণীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে।

উপজেলা বন কর্মকর্তা নশরত জামান মৃধা জানান, ঘটনাটি শুনে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। বিস্তারিত জেনে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ বা জিডি হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স