যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নামের চীনা বানানে পরিবর্তন এনে তার ওপর থাকা প্রবেশ নিষেধাজ্ঞার জটিলতা কাটিয়েছে চীন। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে প্রথমবারের মতো বেইজিং সফরে যাচ্ছেন তিনি।
মার্কিন সিনেটর থাকাকালে চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান নেওয়ায় রুবিওর বিরুদ্ধে দুই দফা নিষেধাজ্ঞা আরোপ করেছিল বেইজিং। বিশেষ করে উইঘুর মুসলিম ও হংকং ইস্যুতে তার প্রকাশ্য সমালোচনার জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।
তবে ট্রাম্প প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে। চীনা কর্তৃপক্ষ তার নামের চীনা উচ্চারণে ব্যবহৃত একটি অক্ষর পরিবর্তন করে নতুন বানান চালু করে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের মাধ্যমে আগের নিষেধাজ্ঞার আইনি জটিলতা এড়ানোর পথ তৈরি হয়।
চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ জানিয়েছেন, সিনেটর হিসেবে রুবিওর বক্তব্য ও কর্মকাণ্ডকে কেন্দ্র করেই তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে তাকে চীনে প্রবেশে বাধা দেওয়া হবে না।
এদিকে ট্রাম্পের বেইজিং সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রায় এক দশকের মধ্যে তিনিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি চীন সফর করছেন।
রুবিওর সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা তৈরি হয়েছে। হোয়াইট হাউস প্রকাশিত এক ছবিতে তাকে নাইকির ট্র্যাকস্যুট পরে দেখা যায়, যা নিয়েও অনলাইনে নানা মন্তব্য দেখা গেছে।
নিউজ ডেস্ক