নাটোরের লালপুর উপজেলায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাব-৫ এর সদস্যরা। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে র্যাব-৫ সিপিসি-২ নাটোরের এএসআই মোঃ পারভেজ মুন্সীর নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম সিভিল পোশাকে লালপুর থানার ২নং ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবরস্থানের পাশে মাদক সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহে যায়।
এসময় নবীনগর গ্রামের সোহাগ মাহমুদ (৩০) এর নেতৃত্বে আনুমানিক ১৫ থেকে ২০ জন একত্রিত হয়ে র্যাব সদস্যদের পথরোধ করে পরিচয় জানতে চায়। র্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে মোটরসাইকেলযোগে স্থান ত্যাগের চেষ্টা করলে অভিযুক্তরা র্যাবের ব্যবহৃত মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
খবর পেয়ে বাংলাদেশ পুলিশ এর লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে র্যাব সদস্যদের পরিচয় নিশ্চিত হওয়ার পরও কয়েকজন পুলিশের সঙ্গে তর্কে জড়ায় বলে জানা গেছে।
ঘটনায় আহত র্যাব সদস্য মোঃ শাহীন হোসেন (৩০) কে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্য সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় নবীনগর গ্রামের মোঃ সোহাগ মাহমুদ (৩০), পিতা- ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ মে) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, র্যাব ক্যাম্প, নাটোরের দায়ের করা এজাহারের ভিত্তিতে লালপুর থানায় মামলা নং-১৯, তারিখ ১৩/০৫/২০২৬ ইং, পেনাল কোডের ১৪৩/৩৪১/৩৩২/৩৫৩/১৮৬/৫০৬/১১৪/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।
নিউজ ডেস্ক