২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজনের সরকারি পরিকল্পনা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের সঙ্গে বৈঠক করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৩ মে) অনুষ্ঠিত এ বৈঠকে অধিকাংশ অংশীজন চলতি বছরের ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার বিপক্ষে মত দেন।
বিশেষ করে এসএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজনের প্রস্তাবে পরীক্ষার্থীরা তীব্র আপত্তি জানায়। শিক্ষক ও অভিভাবকরাও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন। তাদের আশঙ্কা, হঠাৎ করে পরীক্ষার সময় চার মাস এগিয়ে আনা হলে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি হবে।
বৈঠকে অংশ নেওয়া শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিশেষজ্ঞদের অধিকাংশই মত দেন যে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে আয়োজন করা উচিত। একই সঙ্গে তারা ভবিষ্যতে ধাপে ধাপে সময় সমন্বয় করে পরীক্ষাকে ডিসেম্বরে আনার পরামর্শ দেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকরা ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হয়ে নিজেদের মতামত তুলে ধরেন। অধিকাংশের মত ছিল, একসঙ্গে চার মাস সময় এগিয়ে না এনে প্রতি বছর এক মাস করে সময় সমন্বয় করা হলে শিক্ষার্থীরা নতুন সময়সূচির সঙ্গে সহজে মানিয়ে নিতে পারবে।
বৈঠকে উপস্থিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক কর্মকর্তা জানান, অংশীজনদের কাছ থেকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেওয়ার পক্ষেই বেশি মতামত পাওয়া গেছে।
বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও বিশেষজ্ঞদের সঙ্গে সম্ভাব্য পরীক্ষার সময়সূচি ও সময় সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে।
তিনি আরও বলেন, ২০২৭ সালেই ডিসেম্বরে পরীক্ষা আয়োজন সম্ভব হবে কি না, নাকি ২০২৮ সাল পর্যন্ত সময় নিয়ে ধাপে ধাপে সমন্বয় করা হবে—সেসব বিষয়ও আলোচনায় এসেছে। তবে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বার্থ ও সম্ভাব্য ক্ষতির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
সভায় বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, আগামী বছর ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে জানুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু করা গেলে রোজার আগেই পরীক্ষা শেষ করা সম্ভব হবে।
রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তামান্না বেগম বলেন, এসএসসি পরীক্ষা আগে শেষ হলে এইচএসসির সিলেবাস সম্পন্ন করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে। তবে এইচএসসি পরীক্ষা মার্চ বা এপ্রিলে আয়োজন করা শিক্ষার্থীদের জন্য বেশি উপযোগী হবে। ফরম পূরণের পর প্রস্তুতির জন্যও কিছুটা সময় প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিন বলেন, প্রতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা কোন সময়ে আয়োজন করা যেতে পারে, সে বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।
নিউজ ডেস্ক