বরগুনার আমতলী উপজেলার খুরিয়ার খেয়াঘাট এলাকায় মনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত মনোয়ার হোসেন আমতলী উপজেলার দক্ষিণ আমতলী এলাকার বাসিন্দা। তিনি মো. জয়নাল মৃধার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী থানাধীন সদর ইউনিয়নের খুরিয়ার খেয়াঘাট ব্রিজের পশ্চিম পাশে আজিজ মৃধার রাইস মিল সংলগ্ন মো. শামসুল হকের বাড়ির বিপরীতে খালের পাড়ে রক্তাক্ত অবস্থায় মনোয়ার হোসেনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের দুই পায়ে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল। পুলিশ ধারণা করছে, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাচনাইন পারভেজ জানান, গতকাল রাতের আমতলী উপজেলা সদর ইউনিয়নে ঘটনাটি ঘটছে ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজ ডেস্ক