পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের ওপর হামলার ঘটনায় দুই দিন পর মামলা দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মুকিত বাদী হয়ে দুমকি থানায় ২৬ জনকে আসামি করে এ মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে গোলাম কিবরিয়া নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে এজাহারভুক্ত ১১ নম্বর আসামি এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়াকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মামলা দায়েরের পরপরই আসামিদের গ্রেফতারে বিশেষ টিম গঠন করা হয়। অভিযুক্তদের শনাক্ত ও আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত গোলাম কিবরিয়াকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত সোমবার সকালে পবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। হামলায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ অন্তত ১০ জন আহত হন।
এদিকে, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, কৃষকদল ও শ্রমিক দলের মোট ৯ জন নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
নিউজ ডেস্ক