চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. তাসনিম জারা হামের প্রাদুর্ভাব নিয়ে নীরব থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে দুটি রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে মিথ্যা প্রচার চালানোর অভিযোগ তুলেছেন তিনি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাসনিম জারা বলেন, তাকে উদ্দেশ্য করে দাবি করা হচ্ছে যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ঘনিষ্ঠ হওয়ায় স্বাস্থ্য উপদেষ্টাকে রক্ষায় নীরব রয়েছেন। তবে এ অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন তিনি।
তাসনিম জারা জানান, স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি আগেও প্রকাশ্যে কথা বলেছেন। বিশেষ করে ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ধীরগতি ও অবহেলার ঘটনায় তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলে উল্লেখ করেন তিনি।
হামের প্রাদুর্ভাব নিয়েও দীর্ঘদিন ধরে বিভিন্ন সভা-সেমিনার ও গণমাধ্যমে কথা বলে আসছেন বলে দাবি করেন তাসনিম জারা। তিনি জানান, হামের বিস্তারের কারণ অনুসন্ধানে সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবিও তিনি প্রায় এক মাস আগে তুলেছিলেন।
তিনি আরও বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলে তার বক্তব্য ও আলোচনা সংক্রান্ত ভিডিও রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে দেওয়া বক্তব্যের কিছু স্ক্রিনশটও প্রকাশ করেছেন তিনি।
গণস্বাস্থ্য সংকটকে রাজনৈতিকভাবে ব্যবহার করার সমালোচনা করে তাসনিম জারা বলেন, শিশুদের জীবন ঝুঁকিতে থাকলেও কিছু রাজনৈতিক কর্মী সমাধানের বদলে অপপ্রচার চালানোকে বেছে নিয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
নিউজ ডেস্ক