দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩০৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে চলমান প্রাদুর্ভাবে গত দুই মাসে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৯২ জন। আর ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে।
এ সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৪১৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত রোগীর সংখ্যা ১১১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬ হাজার ৫৫ জন।
এ ছাড়া একই সময়ে সন্দেহজনক হাম রোগে ৩৭৭ জন এবং নিশ্চিত হামে ৭৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
নিউজ ডেস্ক