ঢাকা

ইবির উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি ; সংগৃহীত ছবি ; সংগৃহীত

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। শুক্রবার (১৫ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে তিনি বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর স্থলাভিষিক্ত হলেন।

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে নবনিযুক্ত উপাচার্যকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী , জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম, ইউট্যাব সভাপতি ড. তোজাম্মেল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তারা।

প্রশাসন ভবনে উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ শেষে তিনি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ভিত্তিপ্রস্তর চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সেখানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “১৯৭৯ সালের ২২ নভেম্বর প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীনতার পরে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়। একটি নির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ সামনে রেখে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়েছিল। তবে বিভিন্ন সময়ে সেই লক্ষ্য ও উদ্দেশ্য থেকে বিচ্যুতি ঘটেছে।”

তিনি আরও বলেন, “মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, তিনি আমাকে এ দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। বর্তমান সরকারও আমাকে এ দায়িত্বের উপযুক্ত মনে করেছে। আমি সেই জায়গা থেকেই ইসলামী বিশ্ববিদ্যালয়কে আরও সামনের দিকে এগিয়ে নিতে কাজ করব। এজন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

এদিকে, দায়িত্ব গ্রহণ উপলক্ষে বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব ও ইমাম আশরাফ উদ্দিন খান। 

উল্লেখ্য, অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান দীর্ঘদিন ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বও পালন করেছেন। এর মধ্য দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।




কমেন্ট বক্স