ঢাকা

ফারাক্কা এখন বাংলাদেশের জন্য মরণফাঁদ: ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের ফারাক্কা বাঁধ এবং অভিন্ন নদীগুলোর পানি একতরফাভাবে প্রত্যাহারের কারণে বাংলাদেশের পরিবেশ ও অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। তিনি দাবি করেন, এর ফলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পানিসংকট ও প্রাকৃতিক ভারসাম্যহীনতা তীব্র আকার ধারণ করেছে।

শুক্রবার ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক আইন ও কনভেনশন উপেক্ষা করে ভারত বাংলাদেশে প্রবাহিত অভিন্ন নদীগুলোতে একের পর এক বাঁধ নির্মাণ করছে এবং নিজেদের সুবিধামতো পানি প্রত্যাহার করছে। এতে বাংলাদেশের কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণের পর বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মরুকরণের লক্ষণ দেখা দিয়েছে। পানি সংকটের কারণে ওই অঞ্চলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে এবং মানুষের জীবন-জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ছে।

মির্জা ফখরুল দাবি করেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামত উপেক্ষা করে ভারতকে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দিয়েছিল। পরে সেটি স্থায়ীভাবে চালু থাকায় বাংলাদেশের মানুষ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বাণীতে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৭৬ সালের ফারাক্কা অভিমুখে লংমার্চের প্রসঙ্গও তুলে ধরেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দেশের পানির অধিকার আদায়ে ওই আন্দোলন ছিল ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ।

ফারাক্কা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির সফলতা কামনাও করেন তিনি।



কমেন্ট বক্স