চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ‘ডিবি’ পুলিশের পরিচয়ে চাঁদাবাজি ও এক বৃদ্ধকে ভয়ভীতি দেখানোর অভিযোগে এক পলিটেকনিক শিক্ষার্থীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শুক্রবার (১৫ মে) রাতে সদর উপজেলার বারঘোরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এক বৃদ্ধকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছিলেন ওই যুবক। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাকে ঘিরে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে উপস্থিত জনতা তার পরিচয়পত্র দেখতে চান। তবে তার কাছে কোনো বৈধ পরিচয়পত্র বা সরকারি কাগজপত্র পাওয়া যায়নি। পরে স্থানীয়রা নিশ্চিত হন যে তিনি ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা করছিলেন।

এ ঘটনায় আরেক ভুক্তভোগী শ্রী সিবাস অভিযোগ করে বলেন, গত বুধবার (১৩ মে) রাতেও ডিবি পরিচয় দিয়ে তার কাছ থেকে দেড় হাজার টাকা নেওয়া হয়েছিল।
আটক ব্যক্তি গোমস্তাপুর উপজেলার ষাঁড়বুরুজ এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে আল সিহাব (২০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে আসে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজ ডেস্ক
