ঢাকা

আপাতত যুদ্ধবিরতির ঘোষণা আফগানিস্তানের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

আফগানিস্তান আপাতত তাদের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। রোববার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মুত্তাকি বলেন, “আমাদের বন্ধু রাষ্ট্রগুলো—যার মধ্যে কাতার ও সৌদি আরব রয়েছে—আমাদের অনুরোধ করেছে এই সংকটের শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে। সেই আহ্বানেই আমরা আমাদের পক্ষ থেকে আপাতত অভিযান বন্ধ রেখেছি।”

তিনি বলেন, “পাকিস্তানের অধিকাংশ মানুষ শান্তি চায়। তারা আফগানিস্তানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তাই পাকিস্তানের সাধারণ জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই।”

তবে আফগান পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, “যখন কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করে, তখন দেশের জনগণ, আলেম-উলামা ও দায়িত্বশীলরা একত্র হয়ে দেশের স্বার্থে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে।”

তিনি আরও বলেন, “যদি পাকিস্তান শান্তি ও সুসম্পর্ক বজায় রাখতে না চায়, তবে আফগানিস্তান বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা চালায় পাকিস্তানি বিমানবাহিনী। এর জবাবে পাল্টা সীমান্ত হামলা করে আফগান বাহিনী। কয়েকদিনের সংঘর্ষের পর এখন দুই দেশের মধ্যে সীমান্তপথ আবার খুলে দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা



কমেন্ট বক্স