রাজধানীতে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য ও কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, নগরীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত টহল, বিশেষ নজরদারি এবং গুরুত্বপূর্ণ সড়কে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ভোররাতের সময়ে অলিগলি ও প্রবেশপথগুলোতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে।
শনিবার রাতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা ও কর্মকাণ্ড নজরে আসায় গোটা রাজধানীতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, বনানী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ডিএমপি বলছে, যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।