ঢাকা

মানবিক অনুষদ থেকে নোবিপ্রবির ভিসি নিয়োগে বিতর্ক, বিশ্ববিদ্যালয় আইনে যা আছে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি:মিরর ছবি:মিরর
নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. গোলাম রব্বানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ইন্সটিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের (আইএসডব্লিউআর) অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

 তবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানবিক অনুষদের একজন শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় বিভিন্ন মহলে আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিশেষ করে নোবিপ্রবি আইন অনুযায়ী ভিসি নিয়োগে “বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিশেষজ্ঞ” হওয়ার শর্ত নিয়ে নতুন করে বিতর্ক সামনে এসেছে।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে ড. গোলাম রব্বানীকে নোবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

খোঁজ নিয়ে জানা যায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১০(১) ধারায় বলা হয়েছে, “চ্যান্সেলর তদকর্তৃক নির্ধারিত শর্তে, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিশেষজ্ঞ এমন একজন ব্যক্তিকে চার বৎসর মেয়াদের জন্য ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগদান করিবেন।” একই ধারায় আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি একাধিক্রমে বা অন্যভাবে দুই মেয়াদের বেশি সময়ের জন্য উপাচার্য পদে দায়িত্ব পালন করতে পারবেন না।

তবে একই আইনের ১০(২) ধারায় উল্লেখ রয়েছে, “উপ-ধারা (১)-এ যাহা কিছুই থাকুক না কেন, চ্যান্সেলরের সন্তোষানুযায়ী ভাইস-চ্যান্সেলর স্বপদে অধিষ্ঠিত থাকিবেন।”

এর আগে ২০১৫ সালের ২৮ মে নোবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ পান ওয়াহিদুজ্জামান। পরে তার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে পরের  বছরের জুনে হাইকোর্টে রিট করেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল বাশার। রিটে বলা হয়, নোবিপ্রবি আইনের ১০(১) ধারা অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিকেই ভিসি হিসেবে নিয়োগ দিতে হবে। কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি না থাকা সত্ত্বেও তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা আইনত অবৈধ।

পরে ২০১৭ সালের ৫ জুন এ বিষয়ে রুল জারি করেন হাইকোর্টের একটি বেঞ্চ। পরবর্তীতে রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত রিটটি খারিজ করে দেন।

এ বিষয়ে নতুন নিয়োগপ্রাপ্ত  নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। আইনের ১০ ধারার প্রথমে শর্ত পূরণ না হলেও দ্বিতীয় ধারা আলোকে নিয়োগ দিয়েছে সরকার। যারা এটা নিয়ে বলে তারা না বুঝে সমালোচনা করছে।



কমেন্ট বক্স