জেলা প্রতিনিধি, সিলেট
সিলেটের কানাইঘাট উপজেলা ভারত সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এক রোহিঙ্গা নাগরিকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে মানবপাচারকারী দালাল চক্রের এক সদস্যও রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
গতকাল রোববার (১২ এপ্রিল) বিকেলে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উপজেলার কাচারীপাড়া এলাকায় ডোনা বিওপির একটি টহল দল অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় মো. আলী হোসাইন (৩৫) নামে এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এর বাসিন্দা। তার কাছ থেকে ২ হাজার ৩৯০ টাকা, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী হোসাইন জানান, ভারতের হায়দরাবাদ অবস্থানরত পরিবারের সদস্যদের কাছে যাওয়ার উদ্দেশ্যে দালাল চক্রের সহায়তায় সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। এ ঘটনায় দালাল চক্রের সদস্য রুমেল আহমেদ (২৩)-কেও গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এদিকে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পূর্ব কারাবাল্লা এলাকায় আটগ্রাম বিওপির টহল দল পৃথক অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় নড়াইলের কালিয়া উপজেলার বাসিন্দা মো. রুবেল শেখ (৩৩) এবং যশোরের মনিরামপুর উপজেলার মোছা. শাহানাজ (৪০)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৮ হাজার ৭৬০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, রুবেল শেখ উন্নত চিকিৎসার জন্য এবং শাহানাজ চাকরির উদ্দেশ্যে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
নিউজ ডেস্ক