লামা বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান জেলার লামা উপজেলায় পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে লামা উপজেলা প্রশাসনের আয়োজনে এই শোভাযাত্রা বের করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মঈনউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান কামাল, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন আমু, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, লামা তথ্য অফিসার রাশেদুল হক রাশেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং লামায় কর্মরত সাংবাদিকরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় উপজেলার ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে অংশ নিয়ে বৈচিত্র্যময় পরিবেশ সৃষ্টি করেন। বিশেষ করে মুরুং সম্প্রদায়ের বাঁশের তৈরি বাদ্যযন্ত্রের সুরে উৎসবমুখর পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
শোভাযাত্রাটি লামা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে সকলের জন্য উন্মুক্ত পান্তা-ইলিশ ভোজনের আয়োজন করা হয়।
উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই আয়োজন স্থানীয়দের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করে।
নিউজ ডেস্ক