ঢাকা

পড়াশোনার আড়ালে জাল টাকার ব্যবসা কুমিল্লায় ল্যাপটপ-প্রিন্টারসহ আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
পড়াশোনার ফাঁকে নিজের ভাগ্য বদলাতে বেছে নিয়েছিলেন অন্ধকার পথ। বক্স খাটের ভেতরেই খুলে বসেছিলেন জাল টাকা তৈরির গোপন কারখানা। বলছিলাম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী আরিফুল ইসলামের কথা। সোমবার দুপুরে কুমিল্লার চান্দিনা থেকে জাল টাকা সরবরাহের সময় হাতেনাতে আটক করা হয় তাকে।

গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা উপজেলার পালকি সিনেমা হল এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ আটক করা হয় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা ও ভিক্টোরিয়া কলেজের বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্র আরিফুল ইসলামকে।
আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে বক্স খাটের ভেতর থেকে উদ্ধার করা হয় জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ এবং প্রিন্টার।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানিয়েছেন, আরিফুল দীর্ঘদিন ধরে চান্দিনাসহ আশপাশের এলাকায় কৌশলে জাল টাকা সরবরাহ করে আসছিলেন। পুলিশের নজরদারিতে আসার পর অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

ইতিমধ্যেই তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে কলেজে ভর্তি হওয়া এক মেধাবী ছাত্রের এমন অপরাধে জড়িয়ে পড়া এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।




কমেন্ট বক্স