দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ অবস্থান তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। তিনি নিয়মিত পত্রিকা পড়েন ও টেলিভিশন দেখেন এবং গণমাধ্যমে প্রকাশিত বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তিনি আরও জানান, নোয়াব সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী এবং ভবিষ্যতেও নির্দিষ্ট সময় পরপর এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের আশ্বাস দেন।
বৈঠকের শুরুতে নোয়াব সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী সংবাদপত্র শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। নোয়াব নেতারা অতীতের সরকারের সময় সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণার বিষয়টি উল্লেখ করে বর্তমানে খাতটির সংকটের কথাও তুলে ধরেন।
এসময় সরকারি বিজ্ঞাপনের বকেয়া বিল পরিশোধসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহার ও গ্রেপ্তার সাংবাদিকদের জামিনের বিষয়েও সহযোগিতা চাওয়া হয়।
প্রধানমন্ত্রী তিন মাস অন্তর নোয়াব সদস্যদের সঙ্গে নিয়মিত বৈঠকের ওপর গুরুত্বারোপ করেন।
দুপুর ২টা ২০ মিনিটে শুরু হওয়া বৈঠকটি বিকেল সাড়ে ৩টায় শেষ হয়। পরে প্রধানমন্ত্রী নোয়াব সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং গ্রুপ ছবি তোলেন। বিএনপি সরকার গঠনের পর নোয়াবের সঙ্গে এটি প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
নিউজ ডেস্ক