পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (২২ এপ্রিল) সকালে পঞ্চগড় সদরের গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত থেকে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যান।
বিএসএফের হাতে আটক ওই দুই কিশোর হলেন-জেলার আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)।
জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় ভারতীয় চা বাগান দেখতে যান ইন্দ্র ও উদয় নামে দুই কিশোর। এক পর্যায়ে তারা সীমান্তের মেইন পিলার অতিক্রম করে ভারতীয় অংশের ১৫০ গজ অভ্যন্তরে মীরগঞ্জ নামক এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। স্থানীয় গরিনাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন দিপু জানান, এলাকার মানুষ তাকে বিষয়টি জানিয়েছেন। আমি বিজিবির স্থানীয় ক্যাম্প কমান্ডারের সাথে কথা বলার চেষ্টা করছি। তিনি বলেন এই সীমান্তে বাংলাদেশের একটি সীমান্ত সড়ক ঘেঁষে ভারতীয় চা বাগান থাকায় প্রতিদিন অনেক পর্যটক বাগান দেখতে এসে চা বাগানে প্রবেশ করে ছবি তোলে। বাংলাদেশ ভূখণ্ডে দাড়িয়ে থাকলেও নানা অজুহাতে বিএসএফ ঝামেলা করে।
এ দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খোঁজখবর নেয়া হচ্ছে বলে জানিয়েছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটেলিয়নের লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।
নিউজ ডেস্ক