ঢাকা

তুচ্ছ ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা: কাপাসিয়ায় এলাকাবাসীর নিন্দা ও প্রতিবাদ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : মিরর নিউজ ছবি : মিরর নিউজ
নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর): গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের তিলশুনিয়া গ্রামে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অযথা উত্তেজনা সৃষ্টি করায় স্থানীয় এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যার পর কিছু যুবক মোটরসাইকেলযোগে তিলশুনিয়া গ্রামের একটি স্থানীয় চায়ের দোকানে এসে রুটি ও চা খায়। একপর্যায়ে তারা দোকানের বিল পরিশোধে অপারগতা জানালে দোকানদার ইব্রাহিম ও তার বাবার সঙ্গে কথাকাটাকাটি শুরু হয়। পরবর্তীতে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয় বলে জানা গেছে।

জানা যায়, দোকানদার ইব্রাহিম স্থানীয় ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার সময় স্থানীয় কিছু লোকজন ও নারী ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত যুবকরা ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদের মধ্যে দুইজনকে আটক করে। এ সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং যুবকদের সঙ্গে থাকা দুটি মোটরসাইকেল স্থানীয়রা আটক করে রাখে।

পরে জানা যায়, আটক হওয়া যুবকদের মধ্যে কয়েকজন স্থানীয় ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পরবর্তীতে ছাত্রদলের দুইজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

এদিকে, পরদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চাঁদপুর ইউনিয়ন শাখার নেতাকর্মীরা ঘটনাটিকে জামায়াত ও বিএনপির সংঘর্ষ হিসেবে উল্লেখ করে একটি প্রতিবাদ মিছিল বের করে বলে জানা গেছে। এ সময় মিছিলে বিভিন্ন স্লোগান দেওয়া হয় বলেও স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি সাধারণ ও তুচ্ছ ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। তারা মনে করেন, এ ধরনের অপচেষ্টা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এবং সামাজিক সম্প্রীতি নষ্টের ঝুঁকি বাড়ায়।

এলাকাবাসী আরও জানান, একটি সাধারণ দোকানের বিল সংক্রান্ত ঘটনাকে রাজনৈতিক সংঘর্ষ হিসেবে প্রচার করা দায়িত্বজ্ঞানহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



কমেন্ট বক্স