( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়,রোববার সকালে এনজিও গাকের দেয়া স্কুল ফিডিংয়ের সেদ্ধ ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে স্কুল কতৃপক্ষ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও এনজিও কতৃপক্ষকে বিষয়টি অবহিত করে। পরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম নিয়ে ওই বিদ্যালয়ে উপস্থিত হয়ে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা প্রদান করেন।
মেডিকেল টিমের প্রধান হাসপাতালের আবাসিক চিকিৎসক শহিদুল ইসলাম জানান, এলার্জি জনিত কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়ে।তাদের প্রয়োজনীয় চিকিৎসার পর তারা সুস্থ হয়ে উঠে। স্কুল ফিডিং সরবরাহকারী প্রতিষ্ঠান গাকের ফিল্ড অফিসার রাসেল রানা জানান, উপজেলার ১১৯ টি প্রাথমিক বিদ্যালয়ে আমরা স্কুল ফিডিং সরবরাহ করে থাকি।রোববার উপজেলার কোথাও কোন সমস্যা না হলেও একটি মাত্র বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক মমতাজ খাতুন জানান, রোববার স্কুল ফিডিংয়ের ডিম খাওয়ার পর শিশুরা অসুস্থ হয়ে পড়লে তিনি উর্ধতন কতৃপক্ষ বিষয়টি অবহিত করেন। পরে কতৃপক্ষ মেডিকেল টিম নিয়ে এসে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা প্রদান করেন।
এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী জানান, খবর পেয়ে দ্রুত আমরা মেডিকেল টিম নিয়ে ওই বিদ্যালয়ে উপস্থিত হয়ে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করি। বর্তমানে শিক্ষার্থীরা সুস্থ রয়েছে। আমরা ফুড পয়েজনিংয়ের বিষয়টা খতিয়ে দেখছি।
নিউজ ডেস্ক