ঢাকা

ভোরে মুষলধারে বৃষ্টি, ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ভোরের আগেই বৃষ্টিতে ভিজেছে রাজধানী, কোথাও ঝিরঝির, কোথাও মুষলধারে। শুক্রবার (১ মে) সকালে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, উপচে পড়েছে সড়ক।

আজিমপুর, পান্থপথ, গ্রিনরোড, কারওয়ান বাজার, ধানমন্ডির রবীন্দ্র সরোবর সংলগ্ন এলাকা, জিগাতলা, পশ্চিম তেজতুরী বাজার, পশ্চিম শ্যাওড়াপাড়া, মিরপুর-১০, কাজীপাড়া, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার ও হাতিরঝিলের মধুবাগসহ বিভিন্ন স্থানে সড়কে পানি জমে চলাচলে বিঘ্ন ঘটে।

ছুটির দিন হওয়ায় সকালে যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল, তাই ভোগান্তি কিছুটা কম মনে হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। সকাল ৮টার পরও অনেক সড়কে পানি জমে থাকতে দেখা গেছে।

আজিমপুর থেকে তেজগাঁওয়ে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ভোগে পড়েন হিমাতুল জান্নাত। তিনি জানান, বাসা থেকে বের হওয়ার পরই ভিজে যান। পান্থপথ এলাকায় হাঁটুসমান পানি ছিল, বিকল্প পথেও একই অবস্থা। শেষ পর্যন্ত ঘুরপথে গিয়ে অফিসে পৌঁছাতে হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের আট বিভাগেই কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি গতির দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাত ও কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।




কমেন্ট বক্স