পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশকে সামনে রেখে রাজ্যে সম্ভাব্য সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। যদিও দলটি জয়ের ব্যাপারে আশাবাদী, তবুও ফল ঘোষণার পর অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে তারা।
এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা নিতে চান। জানা গেছে, আগামী ৪ মে ফল প্রকাশের পর তিনি নিজেই পশ্চিমবঙ্গে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন, যাতে ২০২১ সালের মতো সহিংসতা পুনরাবৃত্তি না ঘটে।
এছাড়া নির্বাচন-পরবর্তী শান্তি বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীকে দুই মাস রাজ্যে মোতায়েন রাখার ঘোষণা দিয়েছেন অমিত শাহ। দলীয় সূত্রে জানা যায়, ইতোমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য সফর করেছেন। অন্যদিকে বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নেতা ভূপেন্দ্র যাদবেরও ২ মে কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে।
দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় নেতৃত্ব নেতাকর্মীদের কড়া নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সুনীল বনশল শিগগিরই নেতাদের সঙ্গে বৈঠক করে স্পষ্ট বার্তা দেবেন—বিজয় উদযাপনের নামে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়ানো যাবে না।
রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, অতীতে যেমন সহিংসতা দেখা গেছে, এবার তেমন পরিস্থিতি কেউই চায় না। ফল ঘোষণার পর থেকে সরকার গঠন পর্যন্ত সময়কে সংবেদনশীল উল্লেখ করে তিনি কঠোর নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অন্যদিকে, নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। বিজেপি ও তৃণমূল—উভয় পক্ষই একে অপরকে সতর্ক বার্তা দিচ্ছে। অমিত শাহ জানিয়েছেন, কোনো ধরনের সহিংসতা কঠোরভাবে দমন করা হবে। পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিন্ন সুরে মন্তব্য করেছেন, যা রাজনৈতিক উত্তেজনাকে আরও উসকে দিচ্ছে।
উল্লেখ্য, ২০২১ সালের ২ মে নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গে ব্যাপক রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছিল, যার পুনরাবৃত্তি ঠেকাতে এবার আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।