ঢাকা

কারাগার থেকে সরিয়ে গৃহবন্দিত্বে অং সান সু চি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে কারাগার থেকে স্থানান্তর করে নির্ধারিত বাসভবনে গৃহবন্দি রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক সরকার। জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের বিবৃতির বরাতে স্থানীয় রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত এই নোবেলজয়ী নেত্রীকে রাজধানী নেপিদোর একটি কারাগারে আটক রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছিল। বর্তমানে তার বয়স ৮০ বছর।

সামরিক শাসক মিন অং হ্লাইং দাবি করেছেন, সু চির অবশিষ্ট দণ্ড কমিয়ে তা নিজ বাসায় ভোগ করার সুযোগ দেওয়া হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ সামরিক শাসনের অবসানের পর ২০১৫ সালে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন অং সান সু চি। এর আগেও রাজনৈতিক কারণে তাকে বহু বছর গৃহবন্দি অবস্থায় থাকতে হয়েছিল।

তবে এই স্থানান্তর নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সু চির ছেলে কিম অ্যারিস। জান্তা সরকারের প্রকাশিত তথ্য ও ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, তার মা বর্তমানে কোথায় আছেন বা আদৌ জীবিত আছেন কি না সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য তার কাছে নেই।

তার দাবি, রাষ্ট্রীয় মাধ্যমে প্রচারিত ছবিটি পুরোনো এবং এর মাধ্যমে প্রকৃত পরিস্থিতি বোঝা সম্ভব নয়। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সু চিকে গৃহবন্দিত্বে নেওয়া হয়েছে এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি।

এ বিষয়ে স্বচ্ছতা দাবি করে তিনি জানান, যতক্ষণ না সরাসরি তার মায়ের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে বা স্বাধীনভাবে তার অবস্থান যাচাই করা যাচ্ছে, ততক্ষণ এই তথ্য বিশ্বাস করা কঠিন।

সূত্র: বিবিসি



কমেন্ট বক্স