ঢাকা

বারিধারা গির্জায় ডাকাতি, মাদক ও জুয়ায় আসক্ত তিন যুবক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
রাজধানীর অভিজাত এলাকা বারিধারার নিস্তব্ধতা ভেঙে ডি মাজেন্ড গির্জায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। মাদক ও অনলাইন জুয়ার নেশায় অন্ধ হয়ে গির্জার পরিচালক ফাদারকে জিম্মি করে লুটতরাজ চালানো চক্রের তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ।

শুক্রবার ভাটারা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ এসব তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন— আবুল হোসেন রতন ওরফে হাবু (৩৬), মোহাম্মদ নিজাম ওরফে মিজান (৩৭) এবং আক্তার হোসেন মনা ওরফে মনির (৩৮)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল (মঙ্গলবার) গভীর রাতে মুখোশধারী দুই দুর্বৃত্ত বারিধারার ডি মাজেন্ড গির্জার সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে তারা কর্মচারীদের কক্ষের দরজা বাইরে থেকে আটকে দেয়। এরপর ফাদার সুবাস পুলক গোমেজের অফিস রুমের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ঘুমন্ত অবস্থায় থাকা ফাদারকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে।

এরপর আলমারি ভেঙে তারা নগদ আড়াই লাখ টাকা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে। ডাকাতি শেষে তৃতীয় এক সহযোগীর সহায়তায় ব্যাটারিচালিত রিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

ডিসি এম তানভীর আহমেদ জানান, ঘটনার পর থেকেই পুলিশের একাধিক দল ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরাঞ্চলের দুর্গম এলাকায় অভিযান চালানো হয়। টানা অভিযানে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ৪৮ হাজার টাকা, একটি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং গ্রিল কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়।



কমেন্ট বক্স