আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াত সহজ করতে টিকিট বিক্রির বিস্তারিত সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে প্রদান করা হবে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে ঈদ উপলক্ষে কেনা টিকিট ফেরত নেওয়ার সুযোগ রাখা হয়নি।
প্রকাশিত সূচি অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। এরপর ১৪, ১৫, ১৬ ও ১৭ মে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মের টিকিট পাওয়া যাবে।
ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওইদিন ৩১ মের টিকিট বিক্রি করা হবে। পরবর্তী দিনগুলোতে ১, ২, ৩ ও ৪ জুনের টিকিট যথাক্রমে ২২, ২৩, ২৪ ও ২৫ মে বিক্রি হবে।
এবারও পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের জন্য আলাদা সময় নির্ধারণ করা হয়েছে। সকাল ৮টায় রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে, আর দুপুর ২টায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের টিকিট পাওয়া যাবে।
ঈদ উপলক্ষে যাত্রীদের চাপ সামাল দিতে ৫ জোড়া বিশেষ ট্রেন চালু করা হচ্ছে। এর মধ্যে ‘তিস্তা স্পেশাল’, ‘চাঁদপুর স্পেশাল’ এবং ‘পার্বতীপুর স্পেশাল’ উল্লেখযোগ্য। পাশাপাশি কোরবানির পশু পরিবহনের জন্য ঢাকা-জামালপুর রুটে দুটি ক্যাটল স্পেশাল ট্রেন চালানো হবে।
এছাড়া যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে, তবে এসব টিকিট দিয়ে উচ্চ শ্রেণির কোচে ভ্রমণ করা যাবে না।
রেলওয়ের এই উদ্যোগে ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।